১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশ:

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারত সঠিক ও ফলপ্রসূ সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত বর্তমান চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজসহ এই চুক্তি নবায়ন বা সংশোধনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত নেগোসিয়েশন কমিটি কাজ করছে এবং নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেশী দেশের সাথে যেকোনো মতপার্থক্য নিরসনে আলোচনার গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক এক মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক যাই হোক না কেন, আলোচনার টেবিলে বসাই কূটনৈতিক সমাধানের প্রধান উপায়। কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি না করে আলোচনার মাধ্যমেই সরকার একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে চায়।

বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ’ সামনে রেখে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠেয় দুই দিনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে ঋণের বদলে অনুদান প্রাপ্তির বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে। পাশাপাশি শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন প্রধানমন্ত্রী।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে এখন পর্যন্ত ঢাকা কোনো প্রাতিষ্ঠানিক বার্তা বা বিস্তারিত তথ্য পায়নি। এছাড়া, নিজের সদ্য সমাপ্ত স্পেন সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, মাদ্রিদের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের পাটশিল্পসহ বিভিন্ন বিকাশমান খাতে স্পেনের ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগের বিষয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।

শেয়ার করুন