এইচএসসি পরীক্ষা: জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন

প্রকাশ:

ভারী বর্ষণের ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ ও স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার সন্ধ্যায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শফিকুল ইসলাম এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বুধবার (১৫ জুলাই) থেকে পরবর্তী পরীক্ষাগুলো নগরের ছাতিপট্টি এলাকায় অবস্থিত অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ভারী বর্ষণের কারণে আবারও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কার বিষয়টি মাথায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন কেন্দ্রে পরীক্ষার্থীদের জায়গা সংকুলান হবে কি না এমন প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক জানান, অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রের পর্যাপ্ত ধারণক্ষমতা রয়েছে এবং সেখানে পরীক্ষা আয়োজনে কোনো সমস্যা হবে না বলে তারা আশা করছেন।

এর আগে সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার অতি ভারী বর্ষণে কুমিল্লা নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। এতে পুরো নগরী কার্যত অচল হয়ে পড়ে। পরিস্থিতি সবচেয়ে নাজুক ছিল ১ হাজার ২০৯ জন পরীক্ষার্থীবিশিষ্ট কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র এলাকায়। কলেজের পুরো আঙিনা তলিয়ে যাওয়ায় কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। পরে সিটি করপোরেশনের উদ্যোগে প্লাস্টিকের নৌকা ও ভ্যান ব্যবহার করে অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন