পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে। সিনেমাটি বিশ্বব্যাপী টিকিট বিক্রির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা কোনো বায়োপিকের ক্ষেত্রে প্রথম। এই আয়ের মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে ৩৭১.৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৬২৯.৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.০০১ বিলিয়ন ডলার।
এপ্রিলে মুক্তির পর থেকেই দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ছবিটি বক্স অফিসে নিয়মিত রেকর্ড গড়েছে। প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বজুড়ে ২১ কোটি ৭০ লাখ ডলার আয়ের মাধ্যমে এটি ২০১৫ সালের ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর ৬ কোটি ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে ফেলে। ইতিবাচক দর্শক সাড়া এবং বারবার প্রেক্ষাগৃহে ফিরে আসার ফলে পুরো গ্রীষ্মজুড়েই ছবিটি শক্ত অবস্থানে ছিল। এর মাধ্যমে ‘বোহেমিয়ান র্যাপসোডি’ (৯১১ মিলিয়ন ডলার)-কে পেছনে ফেলে ‘মাইকেল’ এখন সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিক।
ছবিটি নির্মাণ করেছে লায়ন্সগেট, যারা উত্তর আমেরিকায় এর পরিবেশনার দায়িত্বে ছিল। আন্তর্জাতিক বাজারে ছবিটি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। লায়ন্সগেটের ইতিহাসে এটিই প্রথম বিলিয়ন ডলার আয়ের সিনেমা। এর আগে স্টুডিওটির সর্বোচ্চ আয় করা ছবি ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ (৮৬৫ মিলিয়ন ডলার) ও ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২’ (৮৫০ মিলিয়ন ডলার)। লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন এক বিবৃতিতে জানান, এই সাফল্য প্রমাণ করে মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা আজও অটুট এবং বিশ্বজুড়ে দর্শক ছবিটিকে দারুণভাবে গ্রহণ করেছেন।
মুক্তির আগে চিত্রনাট্যের কিছু অংশ পুনর্নির্মাণ ও বিতর্কিত অভিযোগসংক্রান্ত দৃশ্য বাদ দেওয়া নিয়ে দীর্ঘ আলোচনা এবং সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। অঁতোয়ান ফুকোয়া পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে যাত্রা এবং ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প উঠে এসেছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাইকেলের ভাতিজা জাফর জ্যাকসন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং।
পরিচালক অঁতোয়ান ফুকোয়া বলেন, এই মাইলফলক পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এই সাফল্যের পর লায়ন্সগেট মাইকেল জ্যাকসনের জীবনের বাকি অধ্যায় নিয়ে আরও অন্তত একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে।
আগে এই রেকর্ড ছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বোহেমিয়ান র্যাপসোডি’–এর, যার বৈশ্বিক আয় ছিল ৯১১ মিলিয়ন ডলার।.মাইকেল নির্মাণ করেছে লায়ন্সগেট।




