কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশ দুটির পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তিতে কম্বোডিয়ার পক্ষে সই করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং ক্রোয়েশিয়ার পক্ষে দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান। এই আনুষ্ঠানিকতার আগে দুই পররাষ্ট্রমন্ত্রী একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় পক্ষই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক ঘনিষ্ঠ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, চলতি বছর কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করছে। গত তিন দশকের দীর্ঘ যাত্রায় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র যে আরও বিস্তৃত হয়েছে, তা বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়। নতুন এই চুক্তির মাধ্যমে কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ার পাশাপাশি কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের যৌথ কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।





