খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির সাত দিনের মাথায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১২ অক্টোবর ওই ডাকাতির ঘটনা ঘটে। রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
অভিযানে আসামিদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র, একটি ছুরি, মালামাল, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গার বেলছড়ির আমবাগান এলাকার মো. আলী হোসেন, ইউসুফ মিয়া (নয়ন), আবু মুছা এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার নোমান ইসলাম রাব্বি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। এ মামলার বাকি আইনি ও তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।





