৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অনুষ্ঠিত হলো মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার ২০২৬

প্রকাশ:

বাংলাদেশের নৌ খাতকে আরও আধুনিক, নিরাপদ এবং সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার ২০২৬’। এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন সিস্টেম এশিয়া (এমএইচআইইএসএ) যৌথভাবে এই আয়োজনের নেতৃত্ব দেয়। সেমিনারটিতে সরকারি ও বেসরকারি খাতের নীতিনির্ধারকসহ বিভিন্ন মহলের ৬০ জনের বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বন্দর কর্তৃপক্ষ, জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান, ড্রেজার ও মাছ ধরার জাহাজের মালিক, প্রকৌশল পরামর্শক সংস্থা, ক্ল্যাসিফিকেশন সোসাইটি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বাংলাদেশের মেরিন খাতের সামগ্রিক উন্নয়নে কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্য ও প্রতিশ্রুতি তুলে ধরেন। এসিআই মেরিনের উপদেষ্টা কমোডর রাজীব ত্রিপুরা অনুষ্ঠানে বলেন, বর্তমানে দেশের সরকারি এবং বেসরকারি উভয় খাতেই মিতসুবিশি মেরিন ইঞ্জিনের চাহিদা ও সম্ভাবনা দিন দিন বাড়ছে। তিনি এই ইঞ্জিনের পরিচালনাগত সুবিধাগুলো উল্লেখ করে নৌ খাতের সংশ্লিষ্ট অংশীজনদের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের ওপর জোর দেন। এ সময় মেরিন হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম এসিআই মেরিনের বিভিন্ন অর্জনের প্রশংসা করে দেশের বাজারে মিতসুবিশি ইঞ্জিনের গুণগত মান ও সুনামের বিষয়ে আলোকপাত করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানের মূল পর্বে এসিআই মেরিনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম, সক্ষমতা এবং বাংলাদেশের মেরিন খাতে তাদের ভূমিকা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। সেমিনারে আধুনিক প্রযুক্তি ও নির্ভরযোগ্য সমাধান দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টিও গুরুত্ব পায়। এরপর মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা কোম্পানির বৈশ্বিক সক্ষমতা, ইঞ্জিনের বিভিন্ন মডেল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ খরচ বা ‘টোটাল কস্ট অব ওনারশিপ’ কমানোর উপায় নিয়ে তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের বিস্তৃতি নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারের শেষ পর্যায়ে মিতসুবিশি গ্লোবাল সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা প্রতিষ্ঠানের সার্ভিস নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওয়ারেন্টি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। সব মিলিয়ে এই সেমিনারটি দেশের নৌ শিল্পের আধুনিকায়নে ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

শেয়ার করুন