২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী না জিতলে উন্নয়ন নয়

প্রকাশ:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী না হলে সংশ্লিষ্ট এলাকায় কোনো উন্নয়নকাজ না করার হুমকি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির কর্মীসভায় নূরুল ইসলাম মনি মন্তব্য করেন যে, দলীয় প্রার্থী বিজয়ী না হলে তিনি সেই ইউনিয়নে কোনো উন্নয়ন প্রকল্প দেবেন না। এমনকি তিনি আরও বলেন, অন্য কোনো প্রার্থী জিতলে তিনি তার কাছে কাজের জন্য আসার সুযোগ দেবেন না এবং এতে ওই ইউনিয়নের কপাল পুড়ে যাবে।

জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন সংসদ সদস্য হিসেবে এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং শপথের পরিপন্থী। তিনি অভিযোগ করেন, এটি স্থানীয় সরকার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এছাড়া জনগণের ভোটাধিকার প্রয়োগে ভীতি সৃষ্টির নগ্ন প্রয়াস হিসেবে এটিকে বর্ণনা করেন তিনি।

জুবায়ের আরও বলেন, বর্তমান সরকারের কিছু মন্ত্রী ও এমপির আচরণ অতীতের ফ্যাসিবাদী শাসকদের কথা মনে করিয়ে দেয়, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিক অধিকার খর্ব করে তারা নব্য ফ্যাসিবাদের দিকে ঝুঁকছেন, যা জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে অগ্রহণযোগ্য। পরিশেষে, এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে মনোযোগী হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

শেয়ার করুন