যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। গত বুধবার, ১৪ অক্টোবর অনুষ্ঠিত এই সভায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জোসেফ বসকি (Joseph Boski) এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কর্মকর্তা লরা অ্যান্ডারসন (Laura Anderson)। এ উদ্যোগের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি প্রযুক্তির ব্যবহারকারী থেকে নিজস্ব প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করা।
এই মতবিনিময়ের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাময় প্রযুক্তি খাতের উন্নয়ন এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘টেকনোলজি কমার্শিয়ালাইজেশন পার্টনারশিপ’ (TCP)। এই উদ্যোগটি কীভাবে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে, তা নিয়ে রাষ্ট্রদূত ও কমিউনিটি নেতারা মত প্রকাশ করেন। আলোচনায় গবেষণা ও উদ্ভাবনকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানটিতে উপস্থিত কমিউনিটি নেতারা এই আলোচনা ও প্রশ্নোত্তর পর্বটিকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে মূল্যায়ন করেছেন। দুই দেশের প্রযুক্তি খাতের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কমিউনিটি নেতারা রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে এমন একটি প্রাণবন্ত আলোচনার আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। এই বৈঠকটি বাংলাদেশি-আমেরিকান প্রবাসীদের সঙ্গে মার্কিন প্রশাসনের যোগাযোগ আরও সুদৃঢ় করার একটি প্রয়াস হিসেবে গণ্য করা হচ্ছে।





