৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাসেবায় এআই ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

প্রকাশ:

দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), টেলিমেডিসিন এবং রোবোটিক সার্জারির মতো উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। সোমবার (১২ অক্টোবর) ঢাকার নীলক্ষেতে জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমি (এনএপিডি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৩৮তম ও ১৩৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দুই কোর্সের এই আয়োজনে সর্বমোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ বলেন, বর্তমান বিশ্বে রোগ নির্ণয় ও সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, গবেষণামূলক কাজে মনোযোগী হওয়ার পাশাপাশি তথ্য-উপাত্তের যথাযথ ব্যবহার এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একজন সরকারি চিকিৎসকের উদ্ভাবনী চিন্তাভাবনা ও কাজ কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতকে আধুনিক এবং জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব হলো সরকারের নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করা। বিশেষ করে দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি যেন কেবল বিত্তবানদের জন্য নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, সেই বিষয়টি নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। এনএপিডির মহাপরিচালক মো. খায়রুল কবির মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী আয়োজনে একাডেমির অনুষদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন