ইরানের মাহশাহরে মার্কিন হামলায় পানি পাম্প স্টেশনে ৫ জন হতাহত

প্রকাশ:

ইরানের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে মার্কিন বাহিনীর হামলায় অন্তত পাঁচজন হতাহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সেবা প্রদান করছেন।

এর আগে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ইরানের বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেহের ও ফার্স নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরবর্তীতে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, দ্বীপটিতে শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে তিনি উল্লেখ করেন যে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক অবকাঠামো এবং এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রবিবার রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন