২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবি টেস্টে হাসানের হ্যাটট্রিক, ১০৬ রানের লিড বাংলাদেশের

প্রকাশ:

আবুধাবি টেস্টে বল হাতে দারুণ এক কীর্তি গড়লেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে হ্যাটট্রিক করে তিনি নতুন ইতিহাস তৈরি করেছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় হ্যাটট্রিক হলেও, পেসার হিসেবে তিনিই প্রথম এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ারে লেগস্পিনার অলক কাপালি এবং ২০১৩ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অফস্পিনার সোহাগ গাজী হ্যাটট্রিক করেছিলেন। হাসানের হ্যাটট্রিকের পাশাপাশি এবাদত হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানের প্রথম ইনিংস ২৪০ রানেই গুটিয়ে গেছে। ফলে প্রথম ইনিংসে ৩৪৬ রান করা বাংলাদেশ ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে। এবার তাঁদের পাশে নাম লেখালেন পেসার হাসান মাহমুদ।

ম্যাচের তৃতীয় দিনের শুরুতে নতুন বলের সুবিধা দারুণভাবে কাজে লাগান হাসান ও এবাদত। দিনের তৃতীয় ওভারে এবাদত হোসেনের দারুণ এক বলে বোল্ড হন ইকরাম আলিখিল। এটি ছিল ইনিংসে এবাদতের তৃতীয় উইকেট। এরপরই দৃশ্যপটে আসেন হাসান মাহমুদ। আফগানিস্তানের ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে ইসমত আলম, কায়েস আহমেদ ও ওজিয়া-উর-রেহমানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পুরো ইনিংসে ২১ ওভার বল করে ৫ মেডেনসহ মাত্র ৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই পেসার, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেটের ইনিংস। অফ স্টাম্পের বাইরে পড়া তাঁর বলটি ভেতরে ঢুকে ইকরাম আলিখিলের ব্যাট ও প্যাডের ফাঁক গলে সরাসরি আঘাত হানে স্টাম্পে।

হ্যাটট্রিকের পাশাপাশি আরও একটি ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের দ্রুততম পেসার হিসেবে টেস্টে ৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এর আগে মাশরাফি বিন মুর্তজা ৭৮ উইকেট এবং তাসকিন আহমেদ ৫৯ উইকেট নিয়ে পেসারদের মধ্যে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। হাসান ও এবাদতের তোপের মুখে আফগানিস্তানের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে যায় এবং তারা ২৪০ রানে থেমে যায়। এই লিড পাওয়ার পর বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক অবস্থানে থেকে ব্যাট করার সুযোগ পাচ্ছে।

শেয়ার করুন