গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ডিস্টিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় সশস্ত্র অবস্থায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকা পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় তাদের কার্যক্রম পরিচালিত হয়। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক শ্রমিকদের বেতনের চাপে নগদের চাহিদা ছিল। নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্টিবিউটর ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেটকারে করে আনা হচ্ছিল। প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং পিস্তল বের করে একাউন্টস ম্যানেজার হিমেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ ঘটনায় হিসাব ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হন এবং প্রাইভেটকার চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। হিমেলকে প্রথমে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





