কাতারে ড্রাইভিং স্কুলগুলোর কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (MoCI)। মূলত গ্রাহকদের অধিকার সুরক্ষা এবং সেবার মান উন্নয়নে ২০০৮ সালের ৮ নম্বর ভোক্তা সুরক্ষা আইনের ভিত্তিতে এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে এক মাসের মধ্যে তাদের কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার আনতে বলা হয়েছে। ২০০৮ সালের ৮ নম্বর ভোক্তা সুরক্ষা আইনের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নতুন এই নিয়মগুলোর মূল লক্ষ্য হলো ড্রাইভিং স্কুল এবং প্রশিক্ষণার্থী বা গ্রাহকদের মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্ক সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল করা।
ড্রাইভিং স্কুলের জন্য নতুন বাধ্যতামূলক শর্তাবলী
- লিখিত চুক্তিপত্র: এখন থেকে সুনির্দিষ্ট ও লিখিত চুক্তি ছাড়া কোনো গ্রাহকের কাছ থেকে কোনো ধরনের ফি বা অর্থ নেওয়া যাবে না।
- প্রশিক্ষণ শুরুর সময়সীমা: প্রতিটি চুক্তিতে ড্রাইভিং প্রশিক্ষণ শুরুর প্রকৃত তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।
- ট্রাফিক পারমিট নম্বর: প্রশিক্ষাণার্থীরা যেন সাধারণ ডাইরেক্টরেট অব ট্রাফিকের ইস্যুকৃত পারমিট নম্বর সহজেই সংগ্রহ করতে পারে, তা প্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, স্কুলগুলোকে বিদ্যমান অনিয়ম সংশোধন ও নতুন শর্তগুলো পুরোপুরি বাস্তবায়নের জন্য নোটিশ প্রদানের তারিখ থেকে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়সীমা শেষ হওয়ার পর কাতারজুড়ে মাঠপর্যায়ে বিশেষ তদারকি বা পরিদর্শণ অভিযান পরিচালনা করবে মন্ত্রণালয়। এর মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান সঠিকভাবে নিয়ম পালন করছে কি না তা যাচাই করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ড্রাইভিং স্কুল এই নতুন নিয়ম অমান্য করলে বা কোনো প্রকার অনিয়মে জড়ালে তা যেন তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়। গ্রাহকরা অভিযোগ বা যেকোনো তথ্যের জন্য সরাসরি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬০০১ নম্বরে অথবা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারবেন।





