বুয়েনস অ্যাইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক আবেগঘন পরিবেশে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা নিকোলাস ওতামেন্দি। যদিও সেদিন সব আলো ছিল লিওনেল মেসির বিদায়ী ম্যাচের ওপর, তবুও দর্শকদের বিশাল করতালির মাঝে নিজের দীর্ঘ ১৭ বছরের ফুটবল যাত্রার সমাপ্তি ঘোষণা করেন এই বর্ষীয়ান ডিফেন্ডার। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের রাতে মেসির পাশে দাঁড়িয়ে তিনিও স্মরণীয় এক বিদায় নিলেন। ১৮ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক ফুটবলে পা রাখা লিওনেল মেসির বিদায়।
ম্যাচের ৪৮তম মিনিটে ওতামেন্দি ফুটবল ভক্তদের উপহার দেন এক অনন্য দৃশ্য। মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে বেনিনের জালে বল পাঠিয়ে গোল করেন তিনি। গোলটির পর ছুটে গিয়ে জড়িয়ে ধরেন বন্ধু মেসিকে। ৫২তম মিনিটে মাঠ ছাড়ার সময় গ্যালারিজুড়ে থাকা ৮৫ হাজার দর্শকের অভিবাদনের জবাবে আর্জেন্টিনার ব্যাজে চুমু খেয়ে শ্রদ্ধা জানান এই তারকা। মাঠ ছাড়ার পথে ডাগআউটে থাকা মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওতামেন্দি বলেন, বিশ্বের সবচেয়ে বিনয়ী মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর্জেন্টাইন পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে আমরা ঋণী। ৮৫ হাজারেরও বেশি দর্শকের উন্মাদনা, আতশবাজির ঝলকানি এবং পুরো বিশ্ব মিডিয়ার স্পটলাইট সবই ছিল মহাতারকা মেসিকে ঘিরে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ওতামেন্দি জানান, মূলত অধিনায়কের বিশেষ আমন্ত্রণে মেসির ঐতিহাসিক বিদায়ী ম্যাচের অংশ হতেই তিনি আবার জাতীয় দলে ফিরেছিলেন। তিনি বলেন, অবিশ্বাস্য এক সমাপ্তি! জাতীয় দলের হয়ে ১৭ বছরে আমি কত কী পেয়েছি! শেষ ম্যাচে গোল করার অনুভূতি আমি সারা জীবন মনে রাখব। ২০০৯ সালে অভিষেকের পর দীর্ঘ ১৭ বছরে তিনি আর্জেন্টিনার হয়ে ১৪০টি ম্যাচ খেলেছেন এবং রক্ষণে দৃঢ়তার পাশাপাশি গোল করেছেন মোট ১০টি। বিদায়ি ম্যাচে জাতীয় দলের হয়ে গোল করার মতো বিরল স্মৃতি নিয়ে মাঠ ছাড়েন এই তারকা।
আর্জেন্টিনার আধুনিক ফুটবলের এই সোনালি যুগের অন্যতম কারিগর ওতামেন্দি দেশের জার্সিতে অর্জন করেছেন চারটি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং সেই অবিস্মরণীয় ২০২২ কাতার বিশ্বকাপ শিরোপা। তার এই বিদায়ের মাধ্যমে আর্জেন্টিনার রক্ষণভাগের একটি শক্তিশালী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তবে ৮৫ হাজার দর্শকের গগনবিদারি করতালির আড়ালেই জাতীয় দলের নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম সেনাপতি ও ২০২২ কাতার বিশ্বকাপজয়ী নিকোলাস ওতামেন্দি।





