২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনাকর্মকর্তাদের সাথে জেনারেল ওয়াকার-উজ-জামানের

প্রকাশ:

অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ৫ অক্টোবর অনুষ্ঠিত পৃথক এই বৈঠকগুলোতে পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের নানা বিষয় গুরুত্ব পেয়েছে।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল (Lt Gen Susan Coyle) এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের (Lt Gen Joel B. Vowell) সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে চলমান সম্পর্ককে আরও জোরদার করতে প্রশিক্ষণ জোরদার, সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানোর মতো বিষয়গুলো প্রাধান্য পায়।

অস্ট্রেলিয়ার সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং সেনা কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেপুটি কমান্ডিং জেনারেলের সঙ্গে বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতা এবং শান্তিরক্ষা মিশনের দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হয়। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ’-এর আর্থিক সহায়তায় বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) নতুন প্রশিক্ষণ কোর্স চালু করার বিষয় নিয়ে কথা বলেন তারা।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে।

শেয়ার করুন