১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরেই নির্বাচনী এলাকার সব উন্নয়ন কাজ শেষ করব

প্রকাশ:

দুই বছরের মধ্যেই নিজের নির্বাচনী এলাকাকে শতভাগ উন্নয়নের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আয়োজিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ভাতা এবং অসহায়দের মাঝে রিকশা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।

সরকারের সমালোচনা ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, যারা মাত্র সাত মাসের মাথায় সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা রয়েছে। পতিত ফ্যাসিস্ট শক্তির সাথে হাত মিলিয়ে তারা রাষ্ট্রের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছে। তাই ফ্যামিলি কার্ড, ইমাম-মোয়াজ্জিন ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাভোগী নাগরিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। এর মধ্যেই ভৈরব ও কুলিয়ারচরে নানা উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়েছে। বৃহস্পতিবার কুলিয়ারচরের উছমানপুর ইউনিয়নের নাজিরদীঘি ব্লকে ১ হাজার ৭৮ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ভৈরবসহ এই উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলমসহ অন্যান্যরা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন