সৌদি আরবের মদিনায় অবস্থিত তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আল জাজিরার তথ্য অনুযায়ী, হুতিদের ধারাবাহিকভাবে চালানো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে। ইসলামের অন্যতম পবিত্র স্থানের সেবায় নিয়োজিত স্থাপনায় এমন আক্রমণকে বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে অভিহিত করেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ।
সংস্থাটির মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা বেসামরিক অবকাঠামো এবং ধর্মীয় পবিত্র স্থাপনার ওপর এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন, হুতিদের এ ধরনের আচরণ ইসলামী মূল্যবোধ ও মৌলিক মানবিক নীতির চরম লঙ্ঘন। এদিকে, সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। একই সঙ্গে বেসামরিক নাগরিক এবং পবিত্র ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সৌদি সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার প্রতি সংস্থাটি তাদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে।





