১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশ:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ২৯ সেপ্টেম্বর দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূতদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা যোগ দিয়েছেন। ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই বৈঠকের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া কূটনীতিকরা নিজ নিজ দেশের কর্মপরিকল্পনা ও কৌশলগত বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেছেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়ায় সার্জিও গোর বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূতদের একসঙ্গে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এদিকে, এই সম্মেলনে অংশগ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সেখানে উপস্থিত কূটনীতিকরা। তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে আঞ্চলিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে, কূটনৈতিক এই সম্মেলনটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ও কৌশলগত অগ্রাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন