১৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী সিতির মৃত্যুর দুদিন পরই হাসপাতালে মাহাথির মোহাম্মদ

প্রকাশ:

মালয়েশিয়ার দীর্ঘকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীর মৃত্যুর মাত্র দুই দিনের মাথায় গতকাল মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাঁকে নেওয়া হয়। আজ বুধবার তাঁর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১০১ বছর বয়সী মাহাথিরের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের জন্য চিকিৎসকরা তাঁকে নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন। তাঁর সহযোগী সুফি ইউসুফ জানিয়েছেন, সুনির্দিষ্ট কী শারীরিক জটিলতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে, তা এখনো চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রোগনির্ণয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া যাচ্ছে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির দীর্ঘ দুই দশকের বেশি সময় দেশটির নেতৃত্ব দিয়েছেন। চিকিৎসাজনিত কারণে তাঁকে আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা আগে থেকেই বিদ্যমান এবং অতীতে তাঁর বাইপাস সার্জারিও সম্পন্ন হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে নিতম্বে আঘাত পাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী সিতির সাথে মাহাথিরের দাম্পত্য জীবন ছিল ৭০ বছরের। স্ত্রীর মৃত্যুতে মাহাথির গভীরভাবে শোকাহত। শেষকৃত্যের সময় তাঁর আবেগপ্রবণ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে কাঁদতে দেখা যায়। সেখানে সাবেক রাজার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি ভাবিনি, আজ তাঁর মৃত্যু হবে।’ বর্তমানে শোকের আবহে মাহাথিরকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন