১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ফুটবল প্রসারে ফিফার সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

প্রকাশ:

বাংলাদেশে তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ঘটাতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিশেষ আন্তর্জাতিক কর্মসূচি ‘ফুটবল ফর স্কুলস’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিফার ডিরেক্টর ফ্রাঙ্ক লুইস বার্টোলোমেজ কাস্তিলো। বৈঠকে ক্রীড়াকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার এবং ফুটবলের সার্বিক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রকল্পটির স্থানীয় মালিকানা থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে। কার্যক্রমটি সুচারুভাবে পরিচালনার জন্য বাফুফে একজন স্থানীয় প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করবে, যাকে ফিফা কারিগরি প্রশিক্ষণ ও নির্দেশনা দেবে। এই কর্মসূচির ফলে ভবিষ্যতে ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও অর্থায়নে বিশ্বব্যাংক, ইউনিসেফ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণের নতুন দুয়ার উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

কর্মসূচির প্রথম ধাপে নারী ও কন্যাসন্তানের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং শিশু সুরক্ষার মতো সামাজিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে, যা ফিফা নারী বিশ্বকাপের মূল দর্শনের সঙ্গে সংগতিপূর্ণ। এর আওতায় বিদ্যালয়গুলোতে সহজ কারিকুলাম অনুসরণ করে শারীরিক শিক্ষা ও ফুটবলের সমন্বিত প্রশিক্ষণ দেওয়া হবে। সাধারণ শিক্ষকরাও যেন এই সেশনগুলো পরিচালনা করতে পারেন, সেই সুযোগ রাখা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষকদের গ্রাসরুটস কোচিং কোর্স সম্পন্ন করার সুযোগ এবং নিয়মিত স্কুল টুর্নামেন্টের মাধ্যমে উদীয়মান ফুটবল প্রতিভা খুঁজে বের করার পরিকল্পনাও রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ থেকে দুইজন অভিজ্ঞ শিক্ষককে ‘মাস্টার ইনস্ট্রাক্টর’ হিসেবে তৈরি করা হবে, যারা পরবর্তীতে দেশব্যাপী অন্যান্য শিক্ষককে প্রশিক্ষণ দেবেন। আগামী জানুয়ারি মাস থেকে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই কর্মসূচির পাইলট পর্যায় শুরু হবে। তিন থেকে চার মাস পর্যালোচনা শেষে সফলতার ভিত্তিতে এটি সারা দেশের সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া হবে। এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

শেয়ার করুন