১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ

প্রকাশ:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে শেষ বিদায় জানানো হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুত্রাজায়ার পুসারা নেগারা বা জাতীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এর আগে, সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম গভীর শোক প্রকাশ করেন এবং অবিলম্বে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি নথিপত্র ও প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা শেষকৃত্যের সকল কার্যক্রম তদারকি করেন। জানাজা শেষে সশস্ত্র বাহিনী ও রয়্যাল মালয়েশিয়া পুলিশের যৌথ সামরিক প্রটোকলে সিতি হাসমাহর মরদেহ পুসারা নেগারায় নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সিতি হাসমাহর অকৃত্রিম ব্যক্তিত্ব, মাতৃসুলভ আচরণ এবং জাতির প্রতি তার অসামান্য অবদান মালয়েশিয়ার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আধুনিক মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনের অন্যতম রূপকার হিসেবে তিনি পরিচিত ছিলেন।

ব্যক্তিজীবনে তুন ড. মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহর দাম্পত্য জীবন ছিল প্রায় ৭০ বছরের। ১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে চিকিৎসাবিদ্যা অধ্যয়নের সময় তাদের মধ্যে পরিচয় ঘটে। দীর্ঘ এই পথচলায় তারা সাত সন্তানের জনক-জননী হন। রাষ্ট্রীয় সম্মাননার মধ্য দিয়ে বীরের বেশে চিরবিদায় জানানো হলো মালয়েশিয়ার এই বরেণ্য ব্যক্তিত্বকে। তার বিদেহী আত্মার প্রতি দেশজুড়ে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা।

শেয়ার করুন