দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে, যা সব মিলিয়ে ১ হাজার ৯৬ জন। গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর এই সংক্রমণের তথ্য নথিভুক্ত করছে।
মৃতের তালিকায় সবচেয়ে বেশি ৪৪৮ জন ঢাকা বিভাগের। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৮১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন প্রাণ হারিয়েছেন। তবে এটি কেবল হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতে তৈরি হিসাব। হাসপাতালের বাইরে থাকা রোগী বা সবার পরীক্ষা না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা পুরোপুরি জানা সম্ভব হয় না। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে।এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৫ জন।
সংক্রমণের তীব্রতা বজায় থাকায় একদিনে সারা দেশে ১ হাজার ২২৮ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে ১ হাজার ১৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামে ৩১৩ জন এবং ঢাকা বিভাগে ৩০৯ জন। এছাড়া সিলেটে ১৫৩, বরিশালে ১২৭, ময়মনসিংহে ৯৬, খুলনায় ৯৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ২৮ জন ভর্তি হয়েছেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি ও তথ্য যাচাই করছে।





