১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাতে তিনি নিউইয়র্ক ত্যাগ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী ইউএনজিএ-র সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এছাড়া তিনি ইউএনজিএ সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধি দলের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়েছেন, যার মধ্যে চারটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস ডায়ালগ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এই সামগ্রিক সফরে দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন