বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে বর্তমানে চলমান জ্বালানি সংকট খুব দ্রুতই কেটে যাবে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশ্বস্ত করেন যে, আগামীতে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে আর বড় কোনো জটিলতা তৈরি হবে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে।
জ্বালানি সংকটের প্রেক্ষাপট ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজে বের করে জ্বালানি আমদানিতে বাড়তি সময় লেগেছে। এর ওপর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমদানিকৃত জ্বালানি সময়মতো দেশে আনা সম্ভব হয়নি। তবে এখন এসব চ্যালেঞ্জ কাটিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।
জনগণের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং বলেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির অস্থিরতা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। সরকার জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংকট সমাধানের জন্য নিরলস কাজ করেছে। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় বিকল্প উৎস থেকে বেশি দামে গ্যাস আমদানি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে জ্বালানি আমদানির নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে, সরবরাহ প্রক্রিয়া আগামীতে নিরবচ্ছিন্ন থাকবে। মন্ত্রী বলেন, “সাময়িকভাবে তৈরি হওয়া এ পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেও দেখা গেছে। সরবরাহে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হয়েছেন, সে জন্য সরকার দুঃখিত।”।





