১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ‘ভিত্তিহীন’ অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

প্রকাশ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে কাতার। এই ঘটনার প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন।

উক্ত অধিবেশনে নেতানিয়াহু অভিযোগ করেছিলেন যে, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বমতের নেতিবাচক প্রভাব তৈরিতে সুনির্দিষ্ট প্রচার প্রচারণা চালাচ্ছে কাতার। এর জবাবে ড. মাজেদ আল আনসারি স্পষ্ট জানিয়ে দেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি সরকারের চলমান নৃশংসতা ও ভয়াবহ মানবিক সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই এমন অপপ্রয়াস চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কাতারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মাঝে ইসরায়েলের বিরুদ্ধে যে নজিরবিহীন মনোভাব তৈরি হয়েছে, তাকে কোনো ‘প্রভাব বিস্তারের প্রচারণা’ হিসেবে আখ্যায়িত করা একটি প্রজন্মের ন্যায়বোধের প্রতি চরম অবমাননা। মানুষ সরাসরি যা দেখছে, তার ওপর ভিত্তি করেই নিজস্ব মতামত গঠন করছে।

বিবৃতিতে ড. মাজেদ আল আনসারি ইসরায়েলি নেতৃত্বকে নিজেদের ভুল নীতি পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, কাতারকে বলির পাঁঠা না বানিয়ে বরং আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ও মাঠপর্যায়ের অপরাধ আড়াল করার লক্ষ্যেই বারবার কাতারকে নিশানা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন এবং ইসরায়েলি সরকারকে তাদের কর্মকাণ্ডের দায়ভার গ্রহণের পরামর্শ দেন।

শেয়ার করুন