রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা, লুটপাট ও স্থাপনা ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিপুল। এই ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে। দুর্বৃত্তরা শুরুতেই দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর কেন্দ্র থেকে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুট করা হয়। লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, জায়গাটি দখলের জন্য বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে তৎপর ছিল। বৃহস্পতিবার রাতের ওই অভিযানে একটি পক্ষ সমবায় সমিতির নাম ব্যবহার করে কেন্দ্রটি দখলে নেয়। পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।





