৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে পুলিশের জিজ্ঞাসাবাদ

প্রকাশ:

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের মধ্যে সংসদ সদস্যকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্যমতে, রবিবার দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীর সঙ্গেই দুপুরের খাবার খেয়েছিলেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা যার যার কক্ষে চলে যান। পরবর্তী সময়ে বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। জানালার ফাঁক দিয়ে মরিয়মকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

মরদেহ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে সংশ্লিষ্টদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

শেয়ার করুন