৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবি

প্রকাশ:

বাংলাদেশসহ ফিফার অন্তর্ভুক্ত ২১১টি সদস্য দেশকে অন্তত ১ কোটি ডলার করে অনুদান দেওয়ার দাবি তোলা হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং কনকাকাফের পক্ষ থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফের প্রধান ভিক্টর মন্তালিয়ানি স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ থেকে ২০২৬ অর্থবছর শেষে ফিফার নগদ তহবিলের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন পর্যন্ত ফিফার বর্তমান প্রয়োজনের তুলনায় এই বিশাল অর্থ অনেক বেশি। তাই ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চক্রে প্রতিটি সদস্য দেশকে এককালীন অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এতে ফিফার মোট ব্যয় হবে প্রায় ২১১ কোটি ডলার, যা তাদের নিয়মিত বরাদ্দের বাইরে থাকবে।

এর আগে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট ফিফার বাতিল হওয়া বিনিয়োগ পরিকল্পনার সব নথিপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন। আগামী ১৫ অক্টোবরের ফিফা কাউন্সিল সভার আগেই এই নথিগুলো জনসম্মুখে আনার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির পদে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।

শেয়ার করুন