দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করা হয়েছে। নতুন এই বিধানের আওতায় এখন থেকে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও ভোটের ২৫ দিন আগেই কেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ রাখার নিয়ম কার্যকর করা হবে।
এদিকে, আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের চলমান কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ইসি জানিয়েছে।





