সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এসব দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক দল স্পষ্ট জানিয়েছে যে, বিশ্বনেতাদের অসুস্থতা নিয়ে ছড়ানো এসব পোস্ট সম্পূর্ণ বিভ্রান্তিকর। মন্ত্রণালয় এ ধরনের বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হয়েছিল যে, ভারত ছাড়ার সময় শি জিনপিংয়ের হাঁটতে সমস্যা হচ্ছিল এবং চীনে ফেরার পর তাকে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এসব দাবির সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ব্রিকস সম্মেলনের নির্ধারিত কর্মসূচিতে শি জিনপিং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
শি জিনপিংকে ঘিরে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি পরবর্তীতে ভুয়া বা এআই-নির্মিত হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া সম্মেলনের প্রথম দিনে নরেন্দ্র মোদির বক্তব্যের মাঝখানে শি’র দিকে তাকিয়ে ‘ইজ ইট ওকে?’ বলার ঘটনাটিকেও অনেকেই শির অসুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করার চেষ্টা করেছিলেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোদির ওই প্রশ্নটি ছিল শি’র কানে থাকা অনুবাদ যন্ত্র সংক্রান্ত, তার শারীরিক অবস্থা নিয়ে নয়।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতা নিয়েও গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তার দপ্তর থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কিছু জনসম্পৃক্ত কর্মসূচি থেকে বিরত থেকে বিশ্রাম নেবেন। তবে তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।





