বৃষ্টির তীব্রতা কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, জানালো আবহাওয়া অফিস

প্রকাশ:

টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত সাতটি জেলায় বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা হ্রাস পাওয়ায় পরিস্থিতির অবনতির আশঙ্কা কিছুটা কমেছে, যদিও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, গত তিন থেকে পাঁচ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। তিনি জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং বায়ুচাপের পার্থক্যের কারণেই কয়েক দিন ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুই দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকলেও এর তীব্রতা ধীরে ধীরে কমবে। বিশেষ করে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এলে দেশের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

সাগরে বিরূপ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে পাহাড়ধসের সতর্কবার্তাও প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন