২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জোট: পাকিস্তান

প্রকাশ:

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করেছেন যে, মক্কা প্রতিরক্ষা চুক্তিটি কেবল মুসলিম দেশগুলোর জন্য তৈরি কোনো জোট নয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশের ‘গ্লোবাল নিউজ টুডে’ অনুষ্ঠানে উপস্থাপক টম বার্জেস ওয়াটসনের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

প্রতিরক্ষা চুক্তিটি মুসলিম বিশ্বের বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ কি না—এমন প্রশ্নের জবাবে আহমেদ শরীফ চৌধুরী বলেন, “চুক্তিতে এমন কোনো কথা উল্লেখ নেই যে এটি একটি মুসলিম জোট; বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার একটি জোট।” তিনি আরও যোগ করেন, এটি কেবল মুসলিম দেশগুলোর জন্য তৈরি কোনো ‘ক্লাব’ নয়।

জোটের সম্প্রসারণের বিষয়ে তিনি জানান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে তিনি উল্লেখ করেন, যারা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় বিশ্বাসী এবং যারা আগ্রাসন না চালানো, হস্তক্ষেপ না করা ও সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থার বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তাদের জন্য এই জোটে নতুন অংশীদার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ সবসময়ই রয়েছে। তবে এই প্রক্রিয়া কখন বা কীভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট তিন দেশের নেতৃত্বের ওপর নির্ভর করছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর এই মুখপাত্রের ভাষ্যমতে, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার এই ত্রিপক্ষীয় ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’-এর কোনো ‘আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা’ নেই। মূলত সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই জোট গঠিত হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন