২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ

প্রকাশ:

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ১০ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বন্যার ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

বালেন্দ্র শাহ চিঠিতে উল্লেখ করেন, গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন সম্প্রদায়ের ওপর। এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের দেওয়া ১০ লাখ মার্কিন ডলারের সহায়তা নেপালের পুনরুদ্ধার কাজ ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নেপালের প্রধানমন্ত্রী চিঠিতে আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যার্তদের জন্য শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এটি নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ। দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান গভীর ও শক্তিশালী সম্পর্কের কথা উল্লেখ করে বালেন্দ্র শাহ বলেন, নেপাল বাংলাদেশকে কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে। দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশের এই পাশে দাঁড়ানো নেপালের মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।

শেয়ার করুন