১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকা হত্যা: ডিবি কর্তৃক প্রকৃত দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ:

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইয়ের সময় প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) নিহত হওয়ার ঘটনায় প্রকৃত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)। এই ঘটনায় ভুক্তভোগীর ব্যাগ, মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত ৩০ আগস্ট বিকালে সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান দাবি করেন, স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব-২। এসময় ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করার দাবি করা হয়। যদিও, পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। তবে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আগের গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত মোটরসাইকেলটিও এই ছিনতাইয়ে ব্যবহৃত হয়নি। তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রকৃত আসামিদের শনাক্ত করা হয়েছে।

ডিবি জানায়, ঘটনার পর নিহতের স্বামী মোহাম্মদ আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তের ধারাবাহিকতায় মিরপুর পশ্চিমপাড়া থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন জানায়, সে মোটরসাইকেলের পেছনে বসে ভুক্তভোগীর ব্যাগে টান দিয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ থেকে নিহত শিক্ষিকার ব্যাগ এবং মিরপুর-১ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে মোটরসাইকেল চালক রাজিব মাতুব্বরকে বিরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যে জয়নাবপুর এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং রাজিবের কাছ থেকে ৬২২ পিস ইয়াবাও জব্দ করা হয়। রাজিবের বিরুদ্ধে এর আগে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে। অন্যদিকে খোকনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৯শে আগস্ট সকালে রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে যাওয়ার সময় শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউর ১২নং গেইট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। মোটরসাইকেল আরোহী খোকন ও রাজিব তার ব্যাগ টান দিলে তিনি চলন্ত রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার করুন