৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের চার সদস্য টাঙ্গাইলে গ্রেফতার

প্রকাশ:

টাঙ্গাইলে অনলাইন জুয়া ও অর্থপাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সিআইডির মিডিয়া উইংয়ের বিশেষ পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার চারজন হলেন টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া এলাকার বাবলু মিয়া (২৮), বাগীল এলাকার মো: মনির হোসেন (৩০), সখিপুরের জেলখানা মোড় এলাকার নূর সাফায়েত ইপ্তি (২৪) এবং তালেপাবাদ এলাকার শামীম আল মামুন (২৯)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল এই অভিযানে নেতৃত্ব দেয়।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, গ্রেফতারকৃতরা অর্থের বিনিময়ে নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়া চক্রের অ্যাডমিনদের কাছে পৌঁছে দিতেন। এসব সিম ব্যবহার করে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল এবং অনলাইন ক্যাসিনো সাইটে বেটিং কার্যক্রম চালানো হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, অনলাইন বেটিং সাইটে অর্থ জমা ও উত্তোলনের কাজে এই সিমগুলো ব্যবহৃত হতো।

সিপিসির সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানা যায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন প্রচার করত। এরপর দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগের মাধ্যমে এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করে জুয়ার অর্থ লেনদেন করা হতো। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ কমিশন কেটে রেখে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হতো।

এই ঘটনায় গত ১৭ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২), ২১(২), ২২(২), ২৪(২), ২৭(২) ও ২৯(২) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত করছে সাইবার পুলিশ সেন্টার। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, একই মামলায় এর আগে টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহী থেকে আরও ১০ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সিআইডি।

সিআইডি জনগণকে অনলাইন জুয়া ও বেটিং থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার এবং কোনো তথ্য থাকলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর অনুরোধ করেছে পুলিশ।

শেয়ার করুন