প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম। দেশের কল-কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা দীর্ঘ এক বৈঠকে তিনি এই নিশ্চয়তা দেন। বৈঠক শেষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
ফজলুল হক জানান, প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে, মঙ্গলবার রাত থেকেই কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটি এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর।'
এর আগে সরকারের পক্ষ থেকে সংকট সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানিয়েছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানির ব্যবস্থার ফলে আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে।





