সৌদি আরবে হুথিদের নতুন করে হামলা এবং উপসাগরীয় অঞ্চলে ইরানি হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ থাকায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বাজার খোলার সময় দাম এক পর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছিল।
সোমবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে গত এক সপ্তাহে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে, যা জুলাই মাসের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করল।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথিদের হামলায় বেশ কিছু বাড়ি ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাশের একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতেও হামলার কথা স্বীকার করেছে হুথিরা। এদিকে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র বা অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন ধরে যায়। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, তাদের উপকূলের কাছে ওই হামলায় একজন নিহত এবং চারজন ক্রু আহত হয়েছেন।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবের সরবরাহ ব্যবস্থার ওপরও নতুন করে হুমকি তৈরি হয়েছে। শুক্রবার ইরাক থেকে ড্রোন হামলার পর দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে ব্যবহৃত এই পাইপলাইন বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ ঝুঁকির মুখে পড়েছে। একই সাথে শুক্রবার ইরান-সমর্থিত হুথিরা কৌশলগত পেরিম দ্বীপে অবস্থান নেওয়ায় বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে, যে পথ দিয়ে বিশ্বের ৪ থেকে ৫ শতাংশ তেল পরিবহন হয়।
বাজার বিশ্লেষক টনি সাইকামোর সতর্ক করে বলেছেন, ওমানে চলমান আলোচনায় কার্যকর সমাধান না আসা পর্যন্ত বা পাইপলাইন পুনরায় চালু না হলে তেলের দাম আরও বাড়তে পারে। সেক্ষেত্রে মার্চের শুরুতে দেখা ১১৯ দশমিক ৪৮ ডলারের উচ্চতাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ছয় মাসে গড়ালেও কোনো স্থায়ী শান্তি আলোচনার সম্ভাবনা এখনো তৈরি হয়নি।





