৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার

প্রকাশ:

পশ্চিমবঙ্গজুড়ে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যালোচনার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সরকারি এই সিদ্ধান্তের পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বন্ধের মুখে পড়া ২৫২টি মাদ্রাসার বেশিরভাগই খারিজি মতাদর্শের। এর মধ্যে মালদা জেলায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু আজ এ বিষয়ে সতর্ক করে বলেন, যেসব মাদ্রাসা শোকজ নোটিশ পেয়েছে, সেগুলোকে তাদের বৈধ অনুমোদন দেখাতে হবে। অন্যথায় সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। গত জুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে স্বীকৃত ও অস্বীকৃত মাদ্রাসার সংখ্যা নির্ধারণের জন্য একটি সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই সমীক্ষার ভিত্তিতে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর কলকাতা এবং অন্য ২২টি জেলায় মাদ্রাসাগুলোর ব্যবস্থাপনা, শিক্ষার্থী ভর্তি, অর্থায়নের উৎস ও নিবন্ধনের অবস্থা পরীক্ষা করেছে।

মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ২ হাজার ১৩২টি মাদ্রাসা বৈধ অনুমোদনে পরিচালিত হচ্ছে এবং অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি। প্রাথমিক তদন্তের ফলের ওপর ভিত্তি করে ২৫২টি মাদ্রাসা বন্ধের এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর অনিয়ম শনাক্ত হওয়া ১০০টি মাদ্রাসার বিষয়ে পরবর্তী প্রমাণ যাচাইয়ের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই পদক্ষেপের বিষয়ে বলেন, মাদ্রাসা মূলত একটি শিক্ষাব্যবস্থা এবং মাদ্রাসার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদী কটাক্ষ’ করা একেবারেই অনুচিত।

শেয়ার করুন