সৌদি প্রো লীগে আল-তাওউনের সমর্থকদের দ্বারা আপত্তিকর স্লোগানের শিকার হয়েছেন মিডফিল্ডার রুবেন নেভেস। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তার স্বদেশী সতীর্থ ও আল-নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। মাঠে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রোনালদো দোষী দর্শকদের আজীবন স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
ঘটনার সূত্রপাত গত বছর ঘটা একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিভারপুলের সাবেক ফরোয়ার্ড এবং নেভেসের বন্ধু ও সতীর্থ দিওগো জোতার মৃত্যুকে কেন্দ্র করে। সাম্প্রতিক একটি ম্যাচে আল-তাওউনের দর্শকরা প্রয়াত এই ফুটবলারের নাম ধরে উসকানিমূলক স্লোগান দেয়, যা নেভেসকে মানসিকভাবে হেনস্তা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কড়া বার্তা দিয়েছেন।
রোনালদো তার বার্তায় লিখেছেন, লীগ কর্তৃপক্ষকে অবশ্যই এ ধরনের আচরণকারী দর্শকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, এর সঙ্গে ফুটবলের আর কোনো সম্পর্ক নেই এবং যারা এমন অমানবিক আচরণ করে, তাদের কখনোই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া উচিত নয়।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে রুবেন নেভেস এই অপ্রীতিকর বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা না করলেও তার ক্ষোভ স্পষ্ট ছিল। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি আল-তাওউনের এই দর্শকরা যেন প্রার্থনায় না যায়। তার এই মন্তব্যকে গ্যালারির অমানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী আচরণের বিরুদ্ধে তীব্র কটাক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সৌদি আরবের ক্রীড়াঙ্গনে ভক্তদের এমন অশোভন আচরণ নিয়ে এখন ব্যাপক সমালোচনা চলছে এবং সংশ্লিষ্টরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।





