মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের ভূমিকা নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

প্রকাশ:

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস জোটের সদস্য দেশগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

সম্মেলনে চীনা প্রেসিডেন্ট ব্রিকস জোটকে ‘গ্লোবাল সাউথের’ নেতৃত্বস্থানীয় এবং উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতার মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই জোটের উচিত উদ্ভাবন-ভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করা।

উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সহযোগীদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য নিয়ে ব্রিকস জোটের যাত্রা শুরু হয়। বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত এই জোট গত দুই দশকে বেশ সম্প্রসারিত হয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঐকমত্যে পৌঁছানো জোটটির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এদিকে, ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নজিরবিহীন ও জটিল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশি নেতাদের নিজস্ব নিরাপত্তা দলের সঙ্গে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হচ্ছে।

শেয়ার করুন