জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির হদিস, উদ্ধার ১০২

প্রকাশ:

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী ফেরির সন্ধান পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ফেরিটি নিখোঁজ হওয়ার পর থেকে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা সাগরে জোর তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত উদ্ধারকারী দল ১০২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, 'ভার্গো ট্রান্সপোর্ট ৮' নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশে রওনা হয়েছিল। রোববার স্থানীয় সময় আনুমানিক ভোররাত ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে ফেরিটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের খবর পাওয়ার পরপরই সম্ভাব্য শেষ অবস্থান চিহ্নিত করে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

নিখোঁজ যাত্রীদের জীবিত উদ্ধারে একাধিক উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার সাগরে তল্লাশি অব্যাহত রেখেছে। প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ চলাচলের জন্য ফেরি ও যাত্রীবাহী নৌযান অন্যতম প্রধান মাধ্যম। উড়োজাহাজের তুলনায় সাশ্রয়ী হওয়ায় দূরদূরান্তের দ্বীপে যাতায়াতে সাধারণ মানুষ নৌপথের ওপরই বেশি নির্ভরশীল। তবে দেশটিতে দুর্বল নৌ-নিরাপত্তা মান ও প্রায়শই মাত্রাতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই মারাত্মক নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

শেয়ার করুন