ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, ৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা

প্রকাশ:

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ট্রেস পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৪৪ মিনিটে সূর্যোদয় হবে।

শেয়ার করুন