গুলশানে নিষিদ্ধ মিছিল: গ্রেফতার ২৪ জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ:

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম। রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়ায় গ্রেফতার হওয়া ২৪ আসামিকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে হাজির করা আসামিরা হলেন- মো. রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান, মো. মুন্না মিয়া, সামিন ইয়াসার (সাফায়াত), মো. রাসেল, এইচ এম জাকারিয়া রহমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহমেদ, মো. সোহরাব, মো. হযরত আলী, মো. আক্তারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, মো. হাবিব সিকদার, মো. জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, মো. ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, মো. নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

গুলশান থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন এদিন মোট ২৫ জন আসামিকে আদালতে হাজির করে তাদের প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি জানান, মামলার সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন, ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের শনাক্ত এবং পলাতক আসামিদের গ্রেফতারে রিমান্ড একান্ত প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা এ সময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, যার বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া, আরাফাত নামে অপর এক আসামিকে শিশু হিসেবে দাবি করায় তার বয়স সংক্রান্ত কাগজপত্র দাখিল ও অধিকতর শুনানির জন্য রোববার (১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন