বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনীত হওয়ার পর প্রথম সভা।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষ হওয়ার পরপরই স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।





