ফেসবুকে কু-প্রস্তাব ও শিশুকে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ছবি, ভিডিও এবং অশালীন বার্তা পাঠানোর পাশাপাশি এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ শহরের ছোট যমুনা নদীর লর্ড লিটন সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আপন বাদশা সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। শনিবার (১১ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ভুক্তভোগী নারীকে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে মানসিকভাবে হেনস্তা করে আসছিলেন। পাশাপাশি ওই নারীর ১০ বছর বয়সী শিশুকন্যাকে রাস্তাঘাটে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করতেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ২১ জুন দুপুরে, যখন ভুক্তভোগী নারী স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার রেলগেট এলাকায় বাদশার মুখোমুখি হন। সেখানে ওই নারী বাদশার আপত্তিকর আচরণ ও মেয়ের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদ করলে বাদশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বাদশা পেছন থেকে তাকে মারধর করেন এবং লোহার অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে বাদশা তার গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ থেকে বাদশাকে গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন