টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রামের সাতটি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ৪ লাখ মানুষ। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা মাঠপর্যায়ে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত মোতায়েন করা হয়েছে।
এছাড়া ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশন তিনটি পৃথক ক্যাম্প স্থাপন করেছে। সেনাবাহিনী দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।
আইএসপিআর আরও জানিয়েছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বেসামরিক প্রশাসনের পাশে দাঁড়াতে সেনাবাহিনী বদ্ধপরিকর। দুর্গত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।





