কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশ:

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল (৪৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে মেডিকেল কলেজ থেকে তার মরদেহ কাউখালীর নিজ বাসায় নিয়ে আসা হলে পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনরা জানান, বেশ কয়েক দিন ধরেই তিনি ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তবে প্রাথমিক অবস্থায় বিষয়টি গুরুত্ব না দেওয়ায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বৃহস্পতিবার শারীরিক জটিলতা আশঙ্কাজনক রূপ নিলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে কাউখালী কেন্দ্রীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। দীপক চন্দ্র শীল এর আগে আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলা ও আশপাশের গ্রামগুলোতে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ চরম আকার ধারণ করেছে। আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রাজাপুর, পিরোজপুর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। মশাবাহিত এ রোগের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন