জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের করপোরেট জগতের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত হয়েছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। এতে দেশের ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে সাত শতাধিক চাকরির সুযোগ নিয়ে উপস্থিত ছিলেন নিয়োগদাতারা।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এই জব ফেয়ারের উদ্বোধন করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনানুষ্ঠানিক সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জনে এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করবে। একইসাথে এটি অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমিয়ে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকারী প্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জব ফেয়ারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাব। প্ল্যাটিনাম পৃষ্ঠপোষক ছিল নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। এছাড়া গোল্ড পৃষ্ঠপোষক হিসেবে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অংশগ্রহণ করে। সিলভার পৃষ্ঠপোষক ছিল দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। এছাড়াও আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড ও রিদম ব্লাড সেন্টারসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
জাকসুর জিএস মো: মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের কল্যাণে জাকসুর ধারাবাহিক কাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন এই আয়োজন। এজিএস ফেরদৌস আল হাসান বলেন, প্রথম বর্ষ থেকে শুরু করে সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের করপোরেট খাতের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়াই ছিল এই সামিটের মূল উদ্দেশ্য।
টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ অব সেলস অ্যান্ড মার্কেটিং রুবিনা জাহান তিথি বলেন, চাকরির বাজারে প্রবেশ করতে চাওয়া শিক্ষার্থীদের সিভি পর্যালোচনা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে পরামর্শ দেওয়ার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে এই আয়োজনের মাধ্যমে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কায়েস মাহমুদ এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিয়া জানান, সরাসরি নিয়োগ প্রতিনিধিদের সাথে কথা বলে চাকরির বাজারের বাস্তব ধারণা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে তারা জানতে পেরেছেন।
দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘রোড টু করপোরেট ক্যারিয়ার সেশন’-এর মাধ্যমে। সেখানে করপোরেট খাতের অভিজ্ঞ বক্তারা জীবনবৃত্তান্ত প্রস্তুত, সাক্ষাৎকার দক্ষতা ও পেশাগত উন্নয়নের ওপর আলোচনা করেন। আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার, কফি ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান ও ফেস দ্য পিপল এই আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত ছিল।





