ঢাকায় আসছেন আতিফ আসলাম, শুরু হলো কনসার্টের টিকিট বিক্রি

প্রকাশ:

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায় একটি কনসার্টে অংশ নিতে আসছেন। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই বিশেষ আয়োজনটি করছে মেইন স্টেজ। রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে আতিফ আসলামের পাশাপাশি জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ পারফর্ম করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য ইতিমধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শক তিনটি ক্যাটাগরিতে টিকিট কিনতে পারছেন। এর মধ্যে ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র টিকিটের দাম ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা। কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় তা বন্ধ হবে। বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর আতিফ আসলামের এই কনসার্টটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সব প্রস্তুতি ও টিকিট বিক্রি চললেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছিল। সে সময় আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল হয়নি, বরং উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। এছাড়া যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন। মেইন স্টেজের কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। শিল্পী, দর্শক এবং পুরো টিমের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছি।’

শেয়ার করুন