১৮তম সিজনে কেবিসি থেকে অবসরের ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন

প্রকাশ:

জনপ্রিয় রিয়েলিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটির ১৮তম সিজনে এসে তিনি নিজেই এই অবসরের কথা জানালেন। এর আগে ২০২৫ সালে ১৭তম সিজনে অমিতাভ বচ্চন থাকবেন না বলে যে জল্পনা ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত সত্যি হয়নি। তবে এবার খোদ অমিতাভের সাম্প্রতিক বক্তব্যে ভক্তদের মধ্যে নতুন করে প্রশ্ন জেগেছে।

নিজের নিয়মিত ব্লগে অমিতাভ বচ্চন কেবিসি থেকে সরে আসার বিষয়টি তুলে ধরেন। যদিও অবসরের সুনির্দিষ্ট কোনো কারণ তিনি স্পষ্ট করেননি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলে অনুষ্ঠানটির সম্প্রচারকারী চ্যানেলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই প্রকাশ্যে এ বিষয়ে বেশি কিছু বলতে চান না তিনি। তবে তার ভাষায়, প্রতিযোগীদের জীবনের অভিজ্ঞতাগুলো অত্যন্ত হৃদয়বিদারক।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিযোগীদের কঠিন ও মর্মান্তিক জীবনের গল্প তাকে গভীরভাবে নাড়া দেয় বলে জানিয়েছেন অমিতাভ। নিজের অনুভূতি সামলে নিয়ে সঞ্চালকের দায়িত্ব পালন করা দিন দিন তার জন্য কঠিন হয়ে পড়ছে। ব্লগে তিনি আবেগঘন বিদায়ের সুর ফুটিয়ে তুলেছেন। দীর্ঘ রাতের পর নতুন রাতের ডাক আসছে এমন ইঙ্গিত দিয়ে তিনি দর্শক ও অনুরাগীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন।

২০০০ সালে কেবিসি-র সঙ্গে অমিতাভ বচ্চনের পথচলা শুরু হয়। তৃতীয় সিজন ছাড়া প্রায় পুরো যাত্রাতেই তিনি অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন। সময়ের সঙ্গে অমিতাভ বচ্চন ও কেবিসি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। দর্শকদের কাছে তার সঞ্চালনার ধরন এতটাই জনপ্রিয় যে অনুষ্ঠানটির সঙ্গে তার নাম প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তাই তার এই অবসরের ইঙ্গিত ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।

শেয়ার করুন